প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ৬:৩৮ পি.এম
পিক-আপ গাড়ির চাপায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত, আহত ১০ থেকে ১২ জন

আল জাজিরার প্রতিবেদন মতে, আজ বৃহস্পতিবার (২ জুলাই) থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশুটি তার বাবার গাড়ি চুরি করে তীর্থযাত্রায় থাকা প্রায় ৩০ জন ভিক্ষুর একটি মিছিলের মধ্যে চালিয়ে দেয়।
রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহানে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভিক্ষু ও অনুগামীদের দলটির সাথে এই ঘটনাটি ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দুর্ঘটনার প্রায় ৩০ মিনিট আগে তারা উবন রাতচাতানি প্রদেশের উদ্দেশে ২৬০ কিলোমিটার দীর্ঘ পথ হাঁটা শুরু করেছিলেন।
রুয়াম জাই মুকদাহান রেসক্যু অ্যাসোসিয়েশন নামে একটি স্থানীয় উদ্ধারকারী দলের শেয়ার করা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, গাড়িটি ধাক্কা দেওয়ার ঠিক আগে ভিক্ষুরা রাস্তার পাশে এক সারিতে হাঁটছিলেন।
অনলাইনে স্থানীয় উদ্ধারকর্মীদের পোস্ট করা একটি ভিডিওতে ফরা সোমপং নামে পরিচিত একজন ভিক্ষু বলেন, ‘আমি দেখলাম একটি ছেলে একটি পিক-আপ ট্রাক চালিয়ে আসছে। সেই মুহূর্তে আমি ‘বুদ্ধো, বুদ্ধো’ (একটি ধ্যানের মন্ত্র) জপ করছিলাম।’
ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারপর হঠাৎ ট্রাকটি পুরো গতিতে এসে এইভাবে আমাদের ধাক্কা দেয়।’ তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত আমি এবং আরেকজন ভিক্ষু সময়মতো লাফিয়ে সরে যেতে পেরেছিলাম।’
তিনি জানান, ‘সারিতে থাকা প্রথম নয়জন ভিক্ষু বেঁচে যান। কিন্তু বাকিরা যারা ধাক্কা খেয়েছিলেন, তারা শূন্যে ছিটকে পড়েন।’ পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মুকদাহান হাসপাতালে চারজন ভিক্ষু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন, এছাড়া আরও কয়েকজন সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ছেলেটি তার বাবা-মায়ের অনুমতি ছাড়াই পিক-আপ ট্রাকটি নিয়েছিল এবং পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ধাক্কা দেয়। পুলিশ আরও জানিয়েছে যে, ছেলেটি এখন পুলিশি হেফাজতে আছে এবং রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কর্মকর্তারা পৌঁছালে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজন একজন শিশু। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শিশুটির বাবা-মাকে আসতে বলেছি, যাতে আমরা শিশুটির দেখভালের দায়িত্বে কে আছে তা নির্ধারণ করতে পারি এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারি।’
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধেয় এবং বুদ্ধের শিক্ষা সংরক্ষণ ও প্রচারের দায়িত্বে নিয়োজিত। তারা প্রায়শই জনসমক্ষে শোভাযাত্রা করেন এবং সাধারণ থাই নাগরিকদের কাছ থেকে শুভেচ্ছার দান গ্রহণ করতে দেখা যায়।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.