ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পোশাক শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।