নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসার বারান্দার আসবাব পুড়ে গেছে।
ফাহিম রহমান খান পাঠান নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোট থেকে 'শাপলা কলি' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে এনসিপি নেতা ফাহিমের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় বাড়ির লোকজন আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুঠোফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।’
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।