ঝিনাইদহে ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ইয়াফাত ফিলিংস্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক অপর দুজন হলেন ঢাকা মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও ইয়াফাত ফিলিংস্টেশনের মালিক এমদাদুল হক সোহাগ (৩৭) এবং সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।