বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে এবার সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা আসমা ফেরদৌসি বাদী হয়ে মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।
তিনি বলেন, আদালতের বিচারক শরমিন জাহান অভিযোগ আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ ও তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্তু ছাড়াও সজল কুমার পালসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮(১)(গ), ২২, ২৩, ২৫, ২৬, ২৯, ৩০ ও ৩১(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার, ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ও তথ্যের ক্ষতিসাধন, সাইবার প্রতারণা, সাইবার সন্ত্রাস, ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলিং, ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অন্তু বিশ্বাস আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি শিক্ষাবর্ষ ২০২২-২৩-এর শিক্ষার্থী ছিলেন। শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ, কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গত ২ নভেম্বর তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, বহিষ্কারের পর অন্তু বিশ্বাস ও তার সহযোগীরা প্রতিষ্ঠানটি ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখা এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেন। গত ১৪ নভেম্বর বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, অসত্য, আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ ধরনের পোস্ট দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, অনিয়ম ও হয়রানির প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু বিশ্বাস। ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ২৭ লাখ টাকা আদায় করা হয়েছিল বলে তাদের অভিযোগ। আন্দোলনের পর ওই টাকা সমন্বয় করে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়। এ আন্দোলনের জেরে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া গত ১৯ নভেম্বর অন্তু বিশ্বাসের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করেন তিনি। ওই মামলায় আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম ও ইকরামুল ইসলাম রাজীবকে আসামি করা হয়। মামলার পর রাজীবকে গ্রেফতার করে পুলিশ।
অন্তু বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানের অর্থ আদায় ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর হামলা, হুমকি ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আন্দোলন দমাতেই তার বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।