বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ায় ওশান পার্কের বাসভবন থেকে নানা পাটেকারকে উদ্ধার করে বানবোলিমের মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। এ ঘটনায় পরবর্তী তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মকর্তা নীতিন নায়েক।
পুলিশের এ ধরনের মামলা করা নিয়মিত প্রক্রিয়ার অংশ। বাড়িতে একা থাকা অবস্থায় কারও মৃত্যু হলে এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যুর কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ এ ধরনের মামলা করে। কোনো অস্বাভাবিকতা বা অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ মামলাটি করেছে।
বৃহস্পতিবার এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালগর বলেন, ‘ভোর ৪টা ২০ থেকে ৪টা ৩০ মিনিটের দিকে তাকে আমাদের হাসপাতালে আনা হয়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এরপর আমাদের পুলিশকে জানাতে হয়েছে, কারণ এটি একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি)।’
শেষকৃত্যের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নানার ছেলে মালহার পাটেকার। তিনি বলেন, ‘নানা সাহেবের মতো মানুষ কখনো সত্যিকার অর্থে আমাদের ছেড়ে চলে যান না। তার অর্জন তাকে অমর করে রেখেছে। তিনি সব সময় বিশ্বাস করতেন, সবাইকে একসঙ্গে হয়ে বিশ্বজুড়ে সঠিক পথ অনুসরণ করা উচিত।
সূত্র: হিন্দুস্থান টাইমস