এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। তার একটি দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ (রেফ্রিজারেটর) লুট করে যাওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ভবনের নিচতলায় তার দোকান থেকে মালপত্রও লুট করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার একটি দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ লুট করে নিয়ে গেছেন তারা। এ ছাড়া বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকারও লুট করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই ঘটনাটি ঘটেছে।’
তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ড ও আস্ফালন দেখে মনে হচ্ছে, এখানেই তারা থেমে থাকবে না। ভবিষ্যতে আরও অরাজকতা, লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর আগেও তারা আমাদের একাধিক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর করেছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
একই দিন বিকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বইঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। ওই ঘটনায় ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতমানা আরও ২ হাজার জনকে আসামি করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘১০ নভেম্বর হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলে। ওই ঘটনায় করা মামলার বাদীই আজ হামলার শিকার হলেন। এ ঘটনায় মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা গেছে।