ঝালকাঠির রাজাপুরে বাড়ির সামনের খাল থেকে পলি আক্তার তিন্নি (২৬) নামের এক বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ডহরশংকর এলাকার একটি খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত তিন্নি ডহরশংকর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন গাজীর মেয়ে। তিনি মৃগীরোগে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য সামনের খাল থেকে পানি আনতে যান তিন্নি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় তার মা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের খালে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং বিকেল পৌনে ৪টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।