পার্বতীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে এসে মারধরের শিকার হয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
মনোরঞ্জন রায় পার্বতীপুর উপজেলা সীমান্তবর্তী চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তার সহযোগীদের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। গতকাল রোববার বিকেলে ওই জমি নিয়ে দুপক্ষের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে শিক্ষক মনোরঞ্জন এগিয়ে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে শিক্ষককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আসাদুজ্জামান ও তার লোকজন। ফলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনোরঞ্জন রায়।
চিরিরবন্দর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গুলসানী জাহান জানান, মনোরঞ্জন রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিরোধ মীমাংসা করতে গিয়ে তিনি মারপিটে নিহত হয়েছেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল ওয়াদুদ জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে জানতে পারি এক শিক্ষককে মারপিট করে হত্যা করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসাদুজ্জামানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সন্ধ্যায় থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।