গাইবান্ধায় চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম গোলাপী বেগম (৬৫)। অভিযোগ তার প্রতিবেশী সাদা মিয়ার (৩৫) বিরুদ্ধে। আহত গোলাপী বেগম এখন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গত সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। তিন দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়। এরপর পুলিশ ও হাসপাতাল সূত্রে ঘটনার তথ্য পাওয়া যায়।
গোলাপী বেগম ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।
সূত্রগুলো জানায়, সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। তবে চুরির অভিযোগেই এ নির্যাতন হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কী চুরি হয়েছিল, কে অভিযোগ তুলেছিলেন বা আদৌ চুরি হয়েছিল কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি।
নির্যাতনের পর আহত নারীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শয্যা সংকটের কারণে তাকে হাসপাতালের করিডোরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রানী জানান, ভুক্তভোগী খাওয়া-দাওয়া করেছেন এবং বর্তমানে ভালো আছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় মামলা হয়েছে কি না বা কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।