বাবা বাঁধা বাজারের একটি খুঁটির সঙ্গে। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এল ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য বাজারের দোকান থেকে কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। পেশা যতো খারাপই হোক না কেন, সন্তানের কাছে বাবাতো বাবাই হয়। বাবা-মেয়ের এই দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। পরে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়েটি। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর সারা রাত অনাহারে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাবার মুখে মেয়েকে খাবার তুলে দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
আজ সকাল ৯টার দিকে উজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটি অনিক সরদারের কাছ থেকে একটি মুচলেকা রেখে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, ‘চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটকে রেখেছে এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেন বলে আমরা জানতে পেরেছি।’