চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শহরের কালীবাড়ি কোর্টস্টেশনে পৌঁছানোর পর এ আগুন দেখা যায়।
জানা যায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৭২৯) ট্রেনটি কালীবাড়ি কোর্টস্টেশনে পৌঁছালে হঠাৎ ‘ত’ বগির পেছনের ২টি সিটে আগুন দেখা যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন বড়স্টেশনঘাট রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ মারুফ। তিনি জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। এর মধ্যেই একটি বগিতে পেছনের ২টি সিটে আগুন দেখে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ততক্ষণে আগুনের ধোঁয়ায় বগি ভরে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।
তিনি আরও বলেন, আগুনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে আগুন কীভাবে লাগল? নাকি কেউ লাগিয়েছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না।
চাঁদপুর প্লাটফর্ম স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, ট্রেনটির ‘ত’ বগিতে ওই সময় যাত্রী ছিল না। তবে সামনে-পিছনের অন্য বগিতে যাত্রী ছিল। আগুন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নিভিয়ে ফেলেন। ট্রেনের ওই বগির ২টি সিট পুড়ে গেছে। আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তের সম্পৃক্ততা কিনা তা তদন্তাধীন আছে। তবে এখন ট্রেন নিরাপদ আছে। আমরা ভোর ৫টায় যথাসময়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাব।