মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদরের জোড়পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা একটি আলিশান ভবন থাকলেও সেটি অক্ষত রয়েছে। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত পৌনে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়িটি কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ বলছেন, এটি সাবেক মন্ত্রীর বাড়ি, আবার কেউ বলছেন অন্য কারও বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।