গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহিদ মিনার ভাঙচুর করা হয়েছে।
সোমবার সকালে হাতুড়ি দিয়ে মিনারের একটি পিলারের টাইলসসহ কিছু অংশ ভেঙে ফেলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
জানা গেছে, গত ১৮ অক্টোবর আহসান হাবীব একটি লাইভ ভিডিওতে শহিদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন।
বক্তব্য নিতে আহসান হাবীবের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।