প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৯:২০ পি.এম
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে ছিনতাইকালে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীম গাজীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ (স্পেশাল কোম্পানি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং তার সহযোগী মো. ইব্রাহিম গাজী (৪২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) রিকশযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছান। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপরে সজোরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ও সোনাডাঙ্গা থানার মোবাইল টহল গাড়ির সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ পরিদর্শকের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.