বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত হাওলাদার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের মুদি দোকানি রুহুল আমিনের ছেলে। দোকান বন্ধ করে নিজ বাড়ি আটিপাড়া গ্রামে ফেরার পথে তার মোটরসাইকেলে ওঠেন আত্মীয় সিদ্দিকুর রহমান। তিনি বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে। পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।