আওয়ামী লীগ সন্দেহে এক আইনজীবীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই আইনজীবীর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্টন থানার কালভার্ট রোড এলাকা থেকে আহত অবস্থায় রায়হান রনি (৪০) নামে ওই আইনজীবীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত রায়হান রনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি অভিযোগ করেন, ওয়ালটন থানা ও কালভার্ট রোড এলাকায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নসহ তার নেতাকর্মীরা তাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রায়হান রনি জানান, হামলায় তার মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ জানান, বিএনপির লোকজন আওয়ামী লীগের সন্দেহে রায়হান রনিকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসআই আবু সালেহ আরও জানান, রায়হান রনির মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।